পথ দেখিয়েছেন সাবিনারাই
ক্রীড়া প্রতিবেদক
স্বপ্নের এশিয়ান কাপে বাংলাদেশের নারী ফুটবলের অভিষেক আজ। অস্ট্রেলিয়ায় গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। শক্তির দিক দিয়ে চীন অনেক এগিয়ে। তাই হারাটাও অপ্রত্যাশিত নয়। তাতে কী? বাংলাদেশ যে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব খেলছে এটাই তো বড় প্রাপ্তি। বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেও বাংলাদেশ যে এত দূর এসেছে এর পেছনে অনেকেরই অবদান রয়েছে। হুট করে কেউ তো এক লাফে উঁচুতে উঠতে পারে না। ধাপে ধাপে এগিয়েছে। সাফ বা এএফসি জুনিয়র বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের বেশ কটি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। তবে মূল সাহসটা এসেছে জাতীয় দল সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায়। একবার নয়, টানা দুবার। যে ট্রফি জেতাটা ভারতের অভ্যাসে পরিণত হয়েছিল। তা আজ বাংলাদেশের ঘরে। এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে সাবিনাদের জায়গা না হলেও নারী ফুটবলে উত্থানটা হয় সাবিনা খাতুন, আঁখি খাতুন, মাসুরা পারভীন, স্বপ্না, সাদিজা, ঋতুপর্ণাদের ম্যাজিকে। যদি বাংলাদেশ সাফ না জিততে পারত তাহলে ফুটবল কি এমন অবস্থানে আসতে পারত? মূল পথটা দেখিয়েছেন সাবিনারাই। যোগ্য থাকার পরও দলে ডাক পাননি। তার পরও সাবিনা বলেছেন, ‘আমি আফঈদাদের নিয়ে গর্বিত। আমি ওদের শুভকামনা করি।’
