বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের প্রীতি ম্যাচ
অনলাইন ডেস্ক
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বহুমাত্রিক প্রীতি ক্রীড়া আয়োজন। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে প্যাডেল টেনিস, ফুটসাল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়।
বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টেই ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রতিযোগিতার আবহের মধ্যেও দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে বজায় ছিল বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
প্যাডেল টেনিসে দাপট দেখিয়েছে গুলশান ক্লাব। তারা ১১-১ ব্যবধানে জয় তুলে নেয়। ফুটসাল ম্যাচেও শুরু থেকেই ছিল টানটান লড়াই। গুলশান ক্লাবের হয়ে গোল করেন ইশমাম, আর চট্টগ্রাম ক্লাবের হয়ে গোল করেন সাগর। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি শেষ হয়।

ক্রিকেট ম্যাচ ঘিরেও ছিল আগ্রহ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি শেষ করা সম্ভব হয়নি। ফলে ক্রিকেট ম্যাচটি ড্র হিসেবে নিষ্পত্তি হয়।
একাধিক খেলাকে ঘিরে আয়োজিত এই প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য ছিল দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং ক্রীড়া-সম্পর্ক আরও জোরদার করা। প্রতিযোগিতার আবহের মধ্যেও পুরো আয়োজনজুড়ে বজায় ছিল সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে এমন বহুমাত্রিক ক্রীড়া আয়োজনের জন্য বসুন্ধরা স্পোর্টস সিটি একটি কার্যকর ভেন্যু হিসেবে নিজেদের সক্ষমতাও তুলে ধরেছে। ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের নিয়ে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটির।
