বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে লিটন

অনলাইন ডেস্ক
টানা অফ-ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। জাতীয় দল থেকে বাদ পড়লেও বসে নেই এই হার্ডহিটার ব্যাটসম্যান। বিপিএলের পর কয়েকদিন ছুটি কাটিয়ে আজ বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজই টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে।

মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে জানিয়েছেন, দলগুলোর প্রস্তুতি শুরু হওয়ার আগ পর্যন্ত টাইগার্সের ক্যাম্প চলবে। চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ না পাওয়া ও জাতীয় দলের আশপাশে আছেন এমন ক্রিকেটাররা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প পরিচালনা করছেন দেশি কোচেরা। তত্ত্বাবধানে আছেন সোহেল ইসলাম। শুরুটা ফিটনেসের কাজ দিয়ে হলেও পরে স্কিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১০-১২ দিনের এই ক্যাম্পের বিষয়ে নাফীস বলেছেন, ‘প্রিমিয়ার লিগের আগের যে সময়টা আছে, তখন যেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অনুশীলনের ভেতর থাকতে পারে। লিগ শুরু হলে সবাই নিজেদের দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights