বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি নারী

হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে এসে পৌঁছেছেন পাকিস্তানি এক নারী। তার নাম মাহা বাজোয়ার (৩০)। পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে তিনি। মাহার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। তিনি চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।

গত শুক্রবার স্বামীর খোঁজে বাংলাদেশে এসেছেন মাহা। এখনো তিনি চুনারুঘাটে অবস্থান করছেন। এদিকে পাকিস্তানি বধূ আসার খবরে ওই এলাকায় ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার। পরে তারা বিয়ে করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে ডিভোর্স দেন সাজ্জাদ। সেই ডিভোর্স মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান তিনি। মাহার দাবি, তার স্বামী তাকে ডিভোর্স দেননি। এটা ফেক। যদিও মাহা চুনারুঘাট আসার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামী সাজ্জাদকে।
এ বিষয়ে সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করত। সেখানেই মাহার সঙ্গে তার পরিচয়। পরে তারা বিয়ে করে। একপর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে উপস্থিত নেই। সে এলে এলাকার গণ্যমান্যদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে। পাকিস্তানের ওই নারী বর্তমানে তাদের আতিথেয়তায় রয়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, মাহা ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। ওই নারী থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবার আসবেন বলে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights