বাংলাদেশিদের অ্যাক্রেডিটেশন না দেওয়ার বিষয়ে যা বললেন আইসিসির কর্মকর্তা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়ার পর বাংলাদেশি সাংবাদিকদেরও অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ‌‘অনিরাপদ’ বলাতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপ কাভার করতে শতাধিক বাংলাদেশি সাংবাদিক অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা দীর্ঘ দিন ধরে একাধিক বিশ্বকাপ কাভার করেছেন। একসঙ্গে সবার আবেদন বাতিলের ঘটনায় একটি নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে আইসিসির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঝে ভারত ভ্রমণকে ‘অনিরাপদ’ বলে বাংলাদেশ সরকার যে মন্তব্য করেছিল, তার পরিপ্রেক্ষিতেই এই অবস্থান নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘তাদের ভিসা বা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি কারণ সরকার ক্রমাগত বলে আসছিল যে ভারতে আসা নিরাপদ নয়।’

এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বাংলাদেশের মধ্যকার আগে থেকে থাকা নড়বড়ে সম্পর্কের ফাটল আরও গভীর হলো। মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। যার ফলে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার অনড় সিদ্ধান্ত নেয় বিসিবি ও সরকার। এই অবস্থানে থেকে আইসিসির সঙ্গে আলোচনায় ইতিবাচক কোনো ফল আনতে পারেনি বিসিবি; এমনকি আইসিসি ভেন্যু বদলাতেও রাজি হয়নি। আইসিসির বোর্ড সভাতেও অধিকাংশ ভোট বাংলাদেশের বিপক্ষেই যায়।

শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে যারা আগে অ্যাক্রেডিটেশন অ্যাপ্রুভাল ও ভিসা লেটার পেয়েছিলেন, তাদেরও ফিরতি মেইলে তা বাতিলের কথা জানানো হয়। বাকিদের মেইল দিয়ে জানানো হয়েছে যে তাদের আবেদন গৃহীত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights