বাংলাদেশে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে হাসিবুল আলম নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের সাব ৬ এস পিলালের কাছে। নিহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ’র টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহল দল বাংলাদেশে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় তাকে ভারতীয় বিএসএফ’র গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ। সীমান্তের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্রটি আরও জানায়, সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে নাম না প্রকাশের শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গিমারী সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন- হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights