বাংলাদেশের চাপে বিশ্বকাপের সূচি বদলাতে যাচ্ছে আইসিসি!

অনলাইন ডেস্ক

বাংলাদেশের চাপে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি তৈরি করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে গতকাল আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি। একই দিনে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আইসিসি ইতিবাচক অবস্থানে রয়েছে।

সাপ্তাহিক ছুটির কারণে গতকাল কোনো আনুষ্ঠানিক সভা না হলেও আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য সূচি পরিবর্তনের কাজ শুরু করেছে আইসিসি।

বর্তমান সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হওয়ার কথা ছিল। একই মাঠে ৯ ফেব্রুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের।

বাংলাদেশের চারটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, তাহলে বি গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে নিয়ে গঠিত বি গ্রুপে স্বাগতিক হওয়ায় শ্রীলঙ্কা ঘরের মাঠেই চারটি ম্যাচ খেলবে। বাকি দলগুলোর কিছু ম্যাচ ভারতে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার ও রোববারের ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে বোর্ড। ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা আরও জোরালো হয়। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব, সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

নিরাপত্তাজনিত কারণে বিসিবির আইসিসির কাছে চিঠি দেওয়াকে যৌক্তিক বলে মনে করেন সাবেক অধিনায়ক পাইলট। মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলব, বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা খুবই সুন্দর। সরকার থেকেও সুন্দর একটি তথ্য দেওয়া হয়েছে। সব মিলিয়ে এটি ভালো সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমি কোনো বিতর্কিত বা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। আমার কাছে মনে হয়, ভারতের মতো বড় একটি দেশে যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া না যায়, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে কীভাবে। একটি দলে ২৫ থেকে ৩০ জন সদস্য থাকে। খেলোয়াড়দের সঙ্গে সাংবাদিক ও সমর্থকরাও যান। এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় প্রশ্ন।

ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্রিকবাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights