বাকেরগঞ্জে চেতনানাশক মিশিয়ে শতবর্ষী নারীকে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে অঞ্জলি রানী সাহা (১০১) নামে এক শতবর্ষী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে মরন সাহা (৫৫) ও পুত্রবধূ সন্ধ্যা রানী সাহা (৪৮) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

শুক্রবার দুপুরে বিষয়টি জানায় পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ঘটনাটি ঘটেছে উপজেলার কবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজারসংলগ্ন মরন সাহার বাড়িতে। মৃত অঞ্জলি রানী সাহা বাজারে কাপড়ের দোকানদার মরন সাহার মা।

ওসি জানান, মরন সাহার নিচতলায় দোকান এবং দোতলায় পরিবার নিয়ে বসবাস। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে রেখে যায়। বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের তিনজনই অচেতন হয়ে পড়েন। শুক্রবার ভোরে সন্ধ্যা রানী নিচে নামার সময় পড়ে যান। শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে দোতলায় অঞ্জলি রানী এবং নিচতলার দোকানঘরে মরন সাহাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা অঞ্জলি রানীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মরন সাহাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সোহেল রানা বলেন, দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। পরিবারের লোকজন সুস্থ না হওয়ায় কী কী নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের সবাই অচেতন হয়ে পড়ার পর দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ঘর তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights