বারনই নদী দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করা হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার নওহাটা সেতু-সংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী শুধু পানির প্রবাহ নয়, এটি প্রকৃতি, পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে চায়। নদীর জায়গা দখল করে কোনো স্থাপনা তৈরি করা হলে তা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং দূষণ রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বারনই নদীকে পুনরুজ্জীবিত করতে পরিকল্পিত উদ্যোগ, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং স্থানীয় মানুষের সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

বারনই নদী পুনরুজ্জীবিত করার উদ্যোগকে পরিবেশ সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নদী দখল ও দূষণ রোধ করা গেলে এর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, জলজপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights