বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে হত্যা; চার সহোদর গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোডের ছত্রিশবাড়ি কলোনিতে বাসাভাড়া নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রাজিব আহমেদ রুবেল (৪০) হত্যা মামলায় চার সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার পিবিআই ময়মনসিংহ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাড়া বাসায় মাদকের আসর বসানোকে কেন্দ্র করে বাড়ির মালিক পারুল বেগম ও তার সন্তানদের সঙ্গে রুবেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে তারা তাকে বাসা ছাড়তে চাপ দিলেও তিনি সেখানে অবস্থান করছিলেন।

ঘটনার দিন সকালে পারুল বেগম ও তার ছেলে জনির সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল পারুল বেগমকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে জনি তার ৪ সহোদরকে নিয়ে সকাল ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে বাড়ির মালিক পারুল বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত জনিসহ চার সহোদরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেফতার চার আসামিকে সোমবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights