বিএনপিকে রাজনৈতিকভাবে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে : সাইফুল হক
অনলাইন ডেস্ক
বিএনপিকে রাজনৈতিকভাবে আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
রবিবার বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি কার্যালয়ে নিজের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ সংকলন ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন।
সাইফুল হক বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা অব্যাহত রাখতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের সংসদ অধিবেশনে সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ এবং সম্মিলিত ৩১ দফা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো রাজনৈতিক পরিবেশ তৈরি করা উচিত হবে না, যা পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপি ও তারেক রহমানের সাফল্য কামনা করার পাশাপাশি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক সমালোচনার চর্চা থাকতে হবে। চাটুকারিতার মাধ্যমে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রখ্যাত প্রাবন্ধিক, শিক্ষক, সমালোচক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর, কবি মোহন রায়হান, পদাতিক নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হক দিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সাংবাদিক আবু সাঈদ খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এবং কালের দাবি’র সম্পাদক বহ্নিশিখা জামালী।
