ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রুবেল হাজারীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) বিকেলে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আলী আশরাফ রুবেল হাজারী ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার লমী হাজারী বাড়ির মৃত নুরনবী হাজারীর ছেলে। তিনি ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফেনী শহরে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় আলী আশরাফ রুবেল হাজারীকে আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে পুলিশ মাস্টারপাড়া সংলগ্ন লমী হাজারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights