বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে পূর্বাচলে ছাত্রদলের কর্মশালা
জবি প্রতিনিধি
নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক কর্মশালা। গত ২৫ ও ২৬ মে পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, ছাত্র রাজনীতির ভূমিকা এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের সাংগঠনিক বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, “বর্তমান দুঃশাসনের অবসান ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার অত্যন্ত জরুরি। এই লক্ষ্য পূরণে ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।”
আয়োজকদের মতে, কর্মশালাটি শিক্ষনীয়, সংগঠনিক ও আদর্শিক দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের রাজনৈতিক সচেতনতা, দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, “২১ শতকের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের উপায় ও তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।”##
