বিচ্ছেদের পরেও কলহ, রাখি-আদিলের দ্বন্দ্ব নিয়ে উরফির খোঁচা!

অনলাইন ডেস্ক

বিচ্ছেদ সংক্রান্ত ঝুট-ঝামেলার পরে কেটেছে মাত্র কয়েক মাস। ফের শিরোনামে ভারতের বিতর্কিত টেলিভিশন তারকা রাখি সাওয়ান্ত। বিষয়, তার ও প্রাক্তন স্বামী আদিল দুরানির খানের দাম্পত্য কলহ। বিবাহবিচ্ছেদের পরেও ইতি পড়েনি সেই কলহে। রাখির অভিযোগের ভিত্তিতেই জেলে ছিলেন আদিল। গত জুলাই মাসে সবে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

এবার জেল থেকে মুক্তি পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়েছেন আদিল। রাখিও চুপ করে বসে থাকার পাত্রী নন। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছেন ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা। রাখি ও আদিলের এই দাম্পত্য কলহের মধ্যে এবার ঢুকে পড়লেন আরও এক বিতর্ক কন্যা উরফি জাভেদ। জনসমক্ষে রাখি ও আদিলের ঝগড়া যে বেশ ভালই উপভোগ করছেন তিনি, তা স্পষ্ট উরফির ইনস্টাগ্রাম স্টোরি থেকেই।

সম্প্রতি এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে হলিউডের এক সময়ের তারকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদের মামলা অবলম্বনে বানানো তথ্যচিত্র ‘ডেপ ভার্সেস হার্ড’। একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। গার্হস্থ্য হিংসা ও মানহানির অভিযোগে দায়ের হওয়া ওই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই মামলা ও তার শুনানির উপর ভিত্তি করেই তৈরি ওই তথ্যচিত্র।
এদিকে, রাখি ও আদিলের দাম্পত্য কলহের জলও গড়াচ্ছে সেই দিকেই। ‘ডেপ ভার্সেস হার্ড’ তথ্যচিত্রের প্রসঙ্গ টেনে মজা করে উরফি লেখেন, আমি বোধ হয় ভুল ‘ডেপ ভার্সেস হার্ড’ দেখা শুরু করে ফেলেছি! রাখি বা আদিলের নাম উল্লেখ না করলেও উরফি যে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন, তা স্পষ্ট তার ওই ইনস্টাগ্রাম স্টোরি থেকেই।

চলতি বছরের প্রথম দিকে খবর মেলে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রাখি। গত বছরের মাঝমাঝি সময় নাগাদ আদিল দুরানি খানকে বিয়ে করেন তিনি। আদিল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের পরে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বিতর্কিত টেলি তারকা। সেসব এখন অতীত। আদিলের সঙ্গে সংসার পাতার খবর প্রকাশ্যে আসার মাস খানেকের মাথায় তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণা-সহ একাধিক অভিযোগ আনেন রাখি। থানা-পুলিশ করে আদালত পর্যন্ত করে গড়ায় সেই মামলা।

পরে আদিলের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রাখি। গত মাসে জেল থেকে মুক্তি পেয়েই রাখিকে শায়েস্তার হুঙ্কারও দিয়েছিলেন আদিল। সম্প্রতি আদিল দাবি করেন, রাখির গর্ভপাত হওয়ার দাবি নাকি একেবারেই মিথ্যা। আদিলের দাবি, রাখির নাকি জরায়ুই নেই, তাই তার পক্ষে মা হওয়া সম্ভব নয়। আদিলের দাবি নস্যাৎ করে রাখি জানান, অস্ত্রোপচারে তার জরায়ু বাদ যায়নি। রাখি আরও দাবি করেন, আদিলের সঙ্গে বিয়ে হওয়ার পরে মা হতে চেয়েছিলেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights