উপহার হিসেবে উত্তর কোরিয়ায় ৭০টির বেশি প্রাণী পাঠালেন পুতিন!

অনলাইন ডেস্ক

উপহার হিসেবে ৭০টির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া। এই তালিকায় একটি আফ্রিকান সিংহ ও দুটি বাদামি ভালুক রয়েছে। রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছে রুশ সরকার।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জনগণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘উপহার’ হিসেবে এসব প্রাণী দেশটিতে পাঠানো হয়েছে।

প্রাণীগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর বিষয়টি দেখভাল করেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কোজলভ।

উড়োজাহাজে করে এসব প্রাণী উত্তর কোরিয়ায় পাঠানো হয়। এ সময় সঙ্গে ছিলেন মস্কো চিড়িয়াখানার প্রাণিচিকিৎসকেরা। প্রাণীগুলো ইতিমধ্যে পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ বৃহস্পতিবার জানায়, উপহার হিসেবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং। এর আগে গত এপ্রিলে পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য বিভিন্ন প্রজাতির পাখি পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্যে ছিল ঈগল, সারস ও তোতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights