বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে জাতীয় পতাকা বিক্রির ধুম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিভিন্ন স্থানে ফেরি করে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শহরের অলি-গলিসহ সবখানে বিভিন্ন জেলা থেকে আসা জাতীয় পতাকা বিক্রেতারা এসব পতাকা বিক্রি করছেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত তারা বিক্রি করেন পতাকা। তবে জাতীয় পতাকা বিক্রেতার বেশিরভাগ অন্য জেলা থেকে আগত। তারা ছোট-বড় বিভিন্ন আকৃতির এসব পতাকা বিক্রি করছেন। আয়ও ভালো হচ্ছে বলে জানায় বিক্রেতারা।
পতাকা বিক্রেতারা জানায়, আকারভেদে ১০, ২০ টাকা, এমনকি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি পতাকা। কাগজের ছোট পতাকাসহ বিভিন্ন সাইজের পতাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।
বরিশাল থেকে আসা পতাকা বিক্রেতা মো. সাগর বলেন, যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। এখন বিজয়ের মাস। এই মাসে সবাই পতাকা ক্রয় করে। এতে ব্যবসাও ভালো হয়। তাই এ মাসে পতাকা বিক্রি করি।
শরীয়তপুর থেকে আসা পতাকা বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, গতবছর পতাকা বিক্রি করেছেন রংপুরে। এবার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পতাকা বিক্রি করছি। পেশায় আমি ইলিশ মাছ বিক্রেতা। কিন্তু প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে নতুন নতুন জেলায় জাতীয় পতাকা বিক্রি করার পাশাপাশি নতুন নতুন এলাকা ঘুরে বেড়াই। এরইমধ্যে ২৮টি জেলা ঘুরেছি।
শরীয়তপুরের আবুবক্কর বলেন, গতবছর থাকা-খাওয়া সব খরচ বাদ দিয়ে সাতদিনে পতাকা বিক্রি করে ২৫ হাজার টাকা আয় হয়। এবার যেহেতু নতুন প্রেক্ষাপট, তাই পতাকা বেশি বিক্রি হবে বলে আশা করছি।
