বিজয় দিবসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ফুটসাল টুর্নামেন্ট
মালয়েশিয়া প্রতিনিধি
বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া(বিয়াম) এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির আয়োজনে ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২১ ডিসেম্বর কুয়ালালামপুরের সেটাপাক ইনডোর স্টেডিয়ামে ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জমজমাট এই প্রতিযোগিতা।
বুধবার (১০ ডিসেম্বর) একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, এটি শুধুই একটি টুর্নামেন্ট নয়, বরং মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একতা, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির একটি বড় পদক্ষেপ।
সংবাদ সম্মেলনে বিয়াম এর সেক্রেটারি এবং টুর্নামেন্টের ইভেন্ট কোঅর্ডিনেটর এমডি রফিকুল ইসলাম বলেন, বিয়াম সবসময়ই একাডেমিক উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ইতিবাচক সংস্কৃতি ও ক্রীড়া চেতনাকে তুলে ধরতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজ্জান গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমরা চাই প্রতি বছরই নিয়মিতভাবে এ আয়োজন হোক। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, ভিপি উসামা বিন আব্দুল বারী, ইউপিএম বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, মালয়েশিয়া বাংলাদেশি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় থাকছে উচ্চশিক্ষা ও ভ্রমণ বিষয়ক পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান টি এস ট্যুর্স অ্যান্ড ট্রাভেলস। এই আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউপিএম, মাহসা, সাইবারজায়া, ইউসিএমআই, আলফা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি।
এদিকে টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় করছেন সবাই।
