বিদেশফেরত কর্মীদের জন্য সিলেট-সুনামগঞ্জে ওয়েলফেয়ার সেন্টার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদেশেফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে দেশের ৩০ জেলায় চালু হচ্ছে ওয়েলফেয়ার সেন্টার। এর মধ্যে একটি হবে সিলেটে এবং একটি হবে সুনামগঞ্জে।

বিশ্বব্যাংকের অর্থায়নে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর (রেইজ) প্রকল্পের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

ওয়েলফেয়ার সেন্টারগুলোর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রবিবার বিকালে বিমানবন্দরের কাছে খিলক্ষেত এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারের ভেতরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গাজীপুর জেলার অন্তর্গত জেলা ওয়েলফেয়ার সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট ও সুনামগঞ্জ ছাড়া যেসব স্থানে ওয়েলফেয়ার সেন্টার হলো সেগুলো হলো- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গাজীপুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, নওগাঁ, বগুড়া, পাবনা, বরিশাল, কুষ্টিয়া, যশোর, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, পটুয়াখালী, খুলনা, রাঙামাটি ও কুমিল্লা।

করোনা মহামারিতে বিদেশ থেকে কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন প্রায় পাঁচ লাখ কর্মী। প্রত্যাগত এসব কর্মীর বেশিরভাগই কর্মহীন। তাছাড়া পরিবার-পরিজন নিয়ে তারা অর্থকষ্টসহ সমাজে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা বিবেচনায় সরকার এমন উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ অক্টোবর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিশ্বব্যাংকের মধ্যে কোভিডের কারণে বিদেশফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন প্রজেক্টের সাবসিডি চুক্তি সই হয়। ৪২৭ কোটি টাকার এ প্রকল্প থেকে স্থাপন করা ওয়েলফেয়ার সেন্টারে কোভিডকালে ফেরত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে যাচাই-বাছাই করে ২ লাখ কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। এক্ষেত্রে বয়স্ক, নারী ও খুব বেশি অর্থের প্রয়োজন যাদের, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এই প্রকল্প থেকে ২৫ হাজার ৫০০ বিদেশ ফেরত কর্মীকে দেওয়া হবে রিকগনিশন অব প্রাইম লার্নিং সার্টিফিকেট অর্থাৎ দক্ষতার সনদ।

প্রকল্প সূত্রে জানা যায়, ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা এবং কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রত্যাগত কর্মীদের রেজিস্ট্রেশনের পর মনো-সামাজিক ও অর্থনৈতিক কাউন্সেলিং প্রদান করা হবে। এর মাধ্যমে কর্মী কী ধরনের কাজের জন্য উপযুক্ত এবং আত্মকর্মসংস্থানে কী ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তাছাড়া প্রকল্পের মাধ্যমে একটি সার্ভিস ম্যাপিং করা হবে। যাতে করে কর্মীরা জানতে পারে কোন এলাকায় কোন কোন প্রতিষ্ঠানে কী ধরনের কাজের সুযোগ রয়েছে।

এছাড়া এ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের একটি তথ্যসমৃদ্ধ ডাটাবেইজ তৈরি হবে, যা বাংলাদেশে ফেরত কর্মীদের ক্ষেত্রে প্রথম। ২০২০ সাল থেকে করোনার কারণে ফেরত কর্মীদের প্রকল্প সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তবে ২০১৫ সাল হতে ফেরত কর্মীরাও প্রকল্প সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights