বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েও যে কারণে খেলেননি নাঈম
স্পোর্টস ডেস্ক
কয়েক দিন আগে নেপালে পর্দা নেমেছে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল)। বিদেশি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ কয়েকজন পরিচিত তারকা ক্রিকেটার অংশ নিলেও সেখানে দেখা যায়নি বাংলাদেশের ওপেনার নাঈম শেখকে। অথচ এনপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার এবং পারিশ্রমিক-সংক্রান্ত বাস্তবতা বিবেচনায় নিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন নাঈম।
নেপালের লিগে না খেলার কারণ নিয়ে আগে থেকেই ইঙ্গিত দিলেও এবার বিষয়টি খোলাসা করেছেন নিজেই। নাঈম জানান, ওই সময় দেশে চলছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের টুর্নামেন্ট। তার আগে তিনি এনসিএল টি-টোয়েন্টিতেও খেলেছেন। ফলে জাতীয় ঘরোয়া মৌসুমের ব্যস্ততা এবং আর্থিক দিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত এনপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এরই মধ্যে বিপিএলে নিজের ব্যাটিং দিয়ে আলো ছড়াচ্ছেন নাঈম। রবিবার (৪ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পায় চট্টগ্রাম রয়্যালস। ম্যাচটিতে ৩৭ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন নাঈম শেখ।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক সিলেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাত্র ৫ রান করে আউট হন। এরপর দলীয় ২৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে সিলেট টাইটান্স।
লক্ষ্য তাড়ায় নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। নাঈম ফিফটি তুলে নেওয়ার পর আউট হলেও রসিংটন অপরাজিত থাকেন ৭৩ রানে, সহজ জয় নিশ্চিত করে দলকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাঈম শেখ জানান, নেপাল প্রিমিয়ার লিগ খেলে আসায় রসিংটন বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পেরেছেন। তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে নেপালের উইকেট কন্ডিশন নিয়ে কথা বলছিলাম। আমারও সেখানে খেলার কথা ছিল, কিন্তু এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলেছে, উইকেট প্রায় একই রকম ছিল। নিয়মিত রান করায় ওর আত্মবিশ্বাস ভালো ছিল, আর সেটা এখানে ধরে রাখতে পেরেছে। নেপালে খেলা অবশ্যই ওকে সাহায্য করেছে।’
