বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুরে একটি বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার করেছে বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোঁদড়টি উদ্ধার করা হয়। উদ্ধার প্রাণীটি স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত, যা বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা জানান, গত ১৩ ডিসেম্বর ওই গ্রামের কবির হাওলাদারের বাড়ির পুকুরে মাছ ধরার সময় এই ভোঁদড়টি জালে আটকা পড়ে। এ সময় স্থানীয়রা এটিকে পিটিয়ে আহত করে। পরে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভোঁদড়টি উদ্ধার করি। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে। পরিবেশ কর্মী কে এম বাচ্চু বলেন, ভোঁদড় আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। আইন অনুযায়ী বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights