বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো, জানা গেল দিন-তারিখ

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে আগামী সপ্তাহে বিয়ে করবেন তিনি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এমনটাই দাবি করা হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ডের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুঞ্চালে, যা রোনালদোর জন্মশহর। ধর্মীয় রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে হোটেলের দুটি তলা আগামী শুক্রবার ও শনিবার সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। এছাড়া হোটেলের বারসহ কয়েকটি বিশেষ অংশ শুধুমাত্র বিয়ের অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।

এর আগে গুঞ্জন উঠেছিল, পর্তুগালের ঐতিহাসিক কুইনতা দা রেগালেইরা প্রাসাদে বসবে রোনালদো-জর্জিনার বিয়ের আসর। তবে ওই স্থাপনাটি নির্ধারিত সময়ে দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই জল্পনার অবসান ঘটে।

বিশ্ব ফুটবলের অন্যতম ধনী ক্রীড়াবিদ রোনালদোর সম্পদের পরিমাণ ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চাইলে বিশ্বের যেকোনো বিলাসবহুল স্থানে বিয়ের আয়োজন করতে পারতেন তিনি। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য বেছে নিয়েছেন নিজের জন্মভূমি মাদেরাকেই।

ফুঞ্চালের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া রোনালদোর শৈশব কেটেছে আর্থিক কষ্টের মধ্যে। মাত্র ১১ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দেন তিনি। সেখান থেকেই শুরু হয় বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্যারিয়ারের পথচলা।

আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সফল ফুটবলার হলেও নিজের শিকড়ের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন পর্তুগাল অধিনায়ক। আর সেই আবেগ থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে জন্মশহর মাদেরাকেই বেছে নিয়েছেন রোনালদো ও জর্জিনা।

সূত্র: দ্য সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights