বিরামপুর সীমান্তে তিনজনকে পুশইন চেষ্টা বিএসএফের, ফেরত পাঠালো বিজিবি
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফ দুজন নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসছিল, আমরা তাদের ব্যাক করে দিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির ফেরত পাঠানো ওই তিনজন বর্তমানে সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ভারতের শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন।
