বিশ্বকাপ ফাইনালের আগে লামিন ইয়ামালের বান্ধবীর অদ্ভুত আবদার

অনলাইন ডেস্ক

মাঠের পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামাল। তার ওপর স্পেনের বিশ্বকাপ জয়ের বড় ভরসা থাকলেও ইয়ামাল বরাবরই বলে এসেছেন যে তারকা হওয়ার কোনো বাড়তি চাপ তিনি অনুভব করেন না। দেশের জন্য খেলা এবং নিজের সেরাটা দেওয়াই তার একমাত্র লক্ষ্য। তবে সম্প্রতি তার বান্ধবীর করা একটি অদ্ভুত প্রকাশ্য আবদার ইয়ামালের ওপর ভিন্ন এক চাপ তৈরি করলেও করতে পারে। সেই দাবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

এবারের ফুটবল বিশ্বকাপে ফিফা বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে এসেছে, যার মধ্যে অন্যতম হলো ফাইনাল ম্যাচের মাঝখানে ১১ মিনিটের একটি জমকালো ‘হাফটাইম শো’। যেখানে পারফর্ম করার কথা রয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, বিটিএস, কোল্ডপ্লে, ম্যাডোনা এবং কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের। এই তালিকায় জাস্টিন বিবারের নাম থাকার বিষয়টিই মূলত আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, কারণ ইয়ামালের বান্ধবী ইনেস গার্সিয়া এই পপ তারকার একজন অন্ধ ভক্ত।

ইনেস গার্সিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্প্যানিশ তারকা ইয়ামালের উদ্দেশ্যে একটি পোস্ট করেন। সেখানে তিনি ইয়ামালকে যেকোনো মূল্যে স্পেনের হয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার অনুরোধ জানান। তবে তার এই বার্তার মূল উদ্দেশ্য ফুটবলীয় গৌরব অর্জন নয় বরং গ্যালারিতে বসে জাস্টিন বিবারের লাইভ পারফরম্যান্স উপভোগ করা। এই বার্তাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তুমুল বিতর্ক।

সনাতনপন্থী ফুটবল অনুরাগীরা এই পোস্টের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, ফুটবল বিশ্বকাপের ফাইনালের মতো একটি মর্যাদাপূর্ণ ট্রফি জেতার চেয়ে একজন পপ তারকার কনসার্ট দেখা বান্ধবীর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা ফুটবলকে ছোট করার শামিল। অনেকে আবার ফুটবল বিশ্বকাপের এই সংস্কৃতির সমালোচনা করে বলছেন, ফুটবল টুর্নামেন্টটি এখন অতিরিক্ত মাত্রায় বাণিজ্যিক বিনোদনের রূপ নিচ্ছে।

এতদিন ইয়ামাল কোনো চাপ অনুভব না করলেও বান্ধবীর এমন প্রকাশ্য আবদারের পর মাঠের লড়াইয়ে তার মানসিকতায় কোনো প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে স্পেনের ফাইনালের পথ এখনো অনেক বাকি। এবারের টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলতে নামলেও স্প্যানিশ দলটির পারফরম্যান্স এখনো পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী হয়নি। কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের, যারা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। ফলে ইনেস গার্সিয়ার জাস্টিন বিবারকে দেখার স্বপ্ন পূরণ করতে হলে স্পেনিয়ার্ডদের মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটাই উজার করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights