বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যে ধারাবাহিকতা দেখাতে পারেনি আফগানিস্তান। ২০২৪ সালের সংস্করণে সেমি-ফাইনাল খেললেও, এবার সুপার এইটেই উঠতে পারেনি তারা। আর দলের ব্যর্থতার দায়টা পড়ছে অধিনায়ক রশিদ খানের কাঁধে।

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর অধিনায়কত্ব হারাতে চলেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ। তার জায়গায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেতে পারেন ইব্রাহিম জাদরান। আফগান সংবাদমাধ্যম আমু টিভির প্রতিবেদনে জানা গেছে এই খবর।

সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নেওয়া হতে পারে রশিদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। এই বিষয়ে আর বিস্তারিত এখনও জানা যায়নি। এছাড়া আনুষ্ঠানিকভাবে অধিনায়ক পরিবর্তনের বিষয়েও বোর্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

২০১৯ সালে প্রথম আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান রশিদ। ছয় বছরের বেশি সময় ধরে দলকে ৪৮ ম্যাচে নেতৃত্ব দেন তিনি। এর মধ্যে ২৬ ম্যাচে জয় পায় আফগানিস্তান। আর হেরে যায় বাকি ২১ ম্যাচে।

আমু টিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর কথা ভেবেছিল আফগান ক্রিকেট বোর্ড। তবে ওই সময় সার্বিক দিক চিন্তা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেনি তারা।

এখন রশিদের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের পাশাপাশি রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের নামও আসছে জোরেশোরে। তবে ওমরজাই নিজ থেকেই অধিনায়কত্ব না করার কথা জানিয়েছেন। তাই জাদরান-গুরবাজের মধ্য থেকেই হয়তো নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নেবে আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights