বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে অবশেষে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা। বুধবার দেশটির সাও ভিসেন্তে দ্বীপের সেসারিয়া এভোরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তিনি।

যাত্রার আগে নাতি মারভিন জুনিয়র ও নাতনি লাইস সোফিয়াকে নিয়ে বিমানবন্দরে আবেগঘন মুহূর্তে ছবি তোলেন আনা কান্দিদা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়।

বিশ্বকাপের মঞ্চে নিজের জীবনের অন্যতম সেরা ম্যাচ খেলেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। শক্তিশালী স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ঐতিহাসিক ড্র এনে দেন তিনি। ম্যাচ শেষে যখন সবাই তার বীরত্বগাথা নিয়ে কথা বলছিল, তখন সংবাদ সম্মেলনে এক ভিন্ন গল্প শোনান এই গোলরক্ষক। জানান বিশ্বকাপ খেললেও নিজের মাকে গ্যালারিতে বসিয়ে সেই মুহূর্ত দেখাতে পারেনি।

ম্যাচ শেষে আবেগাপ্লুত ভোজিনহা সাংবাদিকদের জানান, তার মা আনা ক্যান্ডিদা এভোরা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে চেয়েছিলেন। কিন্তু ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা এবং ভ্রমণের খরচ জোগাড় করা সম্ভব হয়নি। অর্থসংকটের কারণেই শেষ পর্যন্ত তাকে দেশে থেকেই ছেলের খেলা দেখতে হয়েছে।

কথাগুলো বলতে গিয়ে ভোজিনহা চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি জানান, বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলেও মায়ের অনুপস্থিতি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তার ভাষায়, এই অর্জনের মুহূর্তটি তিনি সবচেয়ে বেশি ভাগাভাগি করতে চেয়েছিলেন মায়ের সঙ্গে।

সংবাদ সম্মেলনে দেওয়া সেই আবেগঘন বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তার গল্পে মুগ্ধ হন। অনেকেই মন্তব্য করেন, বিশ্বকাপ শুধু গোল আর জয়-পরাজয়ের গল্প নয়; এটি মানুষের জীবনসংগ্রাম ও পারিবারিক সম্পর্কের গল্পও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights