বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেফতার ১৬০
অনলাইন ডেস্ক
ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে ফ্রান্সের পরাজয়ের পর রাজধানী প্যারিস ও লিওঁ শহরে সংঘর্ষ, ভাঙচুর এবং বিশৃঙ্খলার ঘটনায় অন্তত ১৬০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতের ম্যাচ শেষ হওয়ার পর প্যারিসের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফ্রান্সের রাজধানী অঞ্চলে সংঘটিত সহিংসতার ঘটনায় ১৪১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্যারিস পুলিশ প্রিফেকচার।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার এবং অন্যান্য বিপজ্জনক বস্তু নিক্ষেপের অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালায়।
এদিকে, লিওঁ শহরের প্লেস বেলকুর এলাকায় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে কয়েকশ ফুটবল সমর্থক জড়ো হয়েছিলেন। স্পেনের জয়ের পর সেখানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিছু ব্যক্তি পুলিশের দিকে আতশবাজি ও বিভিন্ন বস্তু ছুঁড়ে মারেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরাসি দাঙ্গা পুলিশ (রায়ট পুলিশ) হস্তক্ষেপ করে এবং গোলযোগে জড়িত থাকার অভিযোগে প্রায় ২০ জনকে গ্রেফতার করে।
তবে এসব ঘটনার পরও কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে লিওঁতে উল্লেখযোগ্য কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।
