বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন রিংকু সিং

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ ভারতের ব্যাটার রিংকু সিং। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা খাচন্দ্র সিং।

গ্রেটার নয়ডার যথরথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খানচাঁদ সিং। ক্যানসার চতুর্থ ধাপে পৌঁছানোর পর সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ম্যাচের আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি গিয়েছিলেন রিংকু। পরে দলের সঙ্গে যোগ দিলেও একাদশে সুযোগ পাননি, তার জায়গায় খেলেন সাঞ্জু স্যামসন। তবে বদলি ফিল্ডার হিসেবে মাঠে দেখা যায় তাকে।

রিংকুর ক্রিকেট ক্যারিয়ারের পেছনে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা। আলীগড়ে এলপিজি সিলিন্ডার ডেলিভারিম্যান হিসেবে কাজ করেও সীমিত সামর্থ্যের মধ্যে ছেলেকে ক্রিকেটার বানাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।

রিংকু সিং-এর পিতৃবিয়োগে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট মহল। সাবেক স্পিনার হরভজন সিং সামাজিক যোগাযোগমাধ্যমে রিংকু ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি রিংকু। পাঁচ ইনিংসে করেছেন মাত্র ২৪ রান। রবিবার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সেমিফাইনালে ওঠার ‘ডু অর ডাই’ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights