বিশ্বনাথে ৬দিন ধরে যুবক নিখোঁজ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ছয়দিন ধরে মো. শিপন আহমদ(২৪) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বড়ভাই থানায় সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ শিপন উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত তাহির আলীর ছেলে। পেশায় কার্পেন্টার শিপন গেল শনিবার (২০ জুন) কর্মস্থলে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
শিপনের বড়ভাই রিপন আহমদ জানান, গেল শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কাজে গেলে সাধারণত সে টানা ৪-৫ দিন অবস্থান করে। পরদিন পরিবার থেকে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অফিসেও তার খোঁজ পাওয়া যায়নি। এরপর গতকাল বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, সাধারণ ডায়েরীর পর তার সন্ধানে কাজ করছে পুলিশ।
