বিষপ্রয়োগে ১৩টি বিপন্ন শকুনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামে বিষপ্রয়োগে ১৩টি বিপন্ন প্রজাতির শকুনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গেছে বেশ কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়াল।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে গিয়েছিল। অনেক ছাগল খেয়েছে শিয়াল। এলাকার কে বা কারা মৃত ছাগলের ওপর বিষ প্রয়োগ করে শিয়াল মারার জন্য ৫ থেকে ৬ দিন আগে টোপ দেয় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের বুড়িকোনা ক্ষেতের জমিতে।

আব্দুস সালাম নামে একজন বলেন, আমি কয়েকদিন আগে এখানে একটি মৃত ছাগল দেখেছিলাম। এরপর দেখতে পাই, অনেকগুলো শকুন মরে পড়ে আছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, জমির মধ্যে পড়ে আছে তিনটি মৃত পচে যাওয়া শকুন। এর আশপাশে পড়ে আছে মৃত কয়েকটি শিয়াল, কুকুর, ও বিড়াল। ঘটনাস্থলেই পড়ে আছে তিনটি ফেনথোয়েট উপাদানযুক্ত সেমকাপ নামক কিটনাশকের বোতল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কোমার মিত্র বলেন, কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করেছে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে আমরা ঘটনা তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল মারার জন্য বিষ প্রয়োগে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আমরা ১০টি মৃত শুকুন উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠিয়েছি। বৃহস্পতিবার আরও তিনটি মৃত শকুন পেয়েছি। আশপাশে মৃত শিয়াল, কুকুর ও বিড়াল পড়ে আছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, বিষ প্রদানের কারণে শকুনের মৃত্যু হয়েছে। তবে সিলেট থেকে রিপোর্ট আসলে আরও নিশ্চিত হতে পারব। এলাকাবাসীর সাথে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে এটা নিশ্চিত হতে পেরেছি যে, এখানে একটি ছাগল মারা গিয়েছিল এবং সেটাতে বিষ দেওয়া হয়। ওই ছাগলের মাংস খেয়ে শকুন ও অন্যান্য প্রাণীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights