বৃষ্টি থাকতে পারে আরও তিন দিন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষাকাল। বিদায় বেলায় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির দাপট উত্তরাঞ্চল থেকে ময়মনসিংহ, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও চলছে। যা শুক্রবারও (৪ অক্টোবর) চলতে পারে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর থেকে সারা দিন থেমে থেমে মুষলধারে ঝরেছে বৃষ্টি। আজ সকালেও রাজধানীজুড়ে ঝিরিঝিরি বৃষ্টি ঝরতে দেখা যায়।
শুক্রবারের (৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা,ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন,মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। এ সময়ে মৌসুমি বায়ু শক্তিশালী আচরণ করে এবং প্রচুর বৃষ্টি ঝরায়। চলতি সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। এ সময় শীত শীত অনুভূতি হতে পারে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরবর্তী কয়েকদিনের পূর্বাভাসে আবহাওয়া সংস্থার বরাতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী তিনদিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights