বেলজিয়ামে শেষ হচ্ছে রুডি গার্সিয়ার অধ্যায়
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চতা শুরু হয়। এমন পরিস্থিতিতে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন, লুকাকুদের বর্তমান এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না।
এবারের বিশ্বকাপের রুডি গার্সিয়ার নেতৃত্বে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পৌঁছায় বেলজিয়ম। সেখানে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে পরাজিত হয়। তবে টুর্নামেন্টজুড়ে দলের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
৬২ বছর বয়সী এই ফরাসি কোচের চুক্তির মেয়াদ এই মাসের শেষেই শেষ হচ্ছে। অ্যাসোসিয়েশনের স্পোর্টস ডিরেক্টর ভিনসেন্ট মানার্ট এক বিবৃতিতে বলেন, রেড ডেভিলসদের হারানো গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে রুডি গার্সিয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, ক্রীড়া ও আর্থিক দিক থেকে এক কঠিন পরিস্থিতিতে তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিশেষ করে তার নিষ্ঠা ও অভিজ্ঞতার সুবাদেই দলের মধ্যে সংহতি ফিরে এসেছিল এবং সাম্প্রতিক বিশ্বকাপে দলটি ভালো ফলাফল করেছিল।ফেডারেশনের পক্ষ থেকে আমি গত ১৮ মাসে রুডি এবং তার সহকারী কোচদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমার দলের সঙ্গে মিলে আমি এখন নতুন একটি অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে নতুন জাতীয় কোচ নিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
