বেল্ট ও অন্তর্বাসে লুকানো ছিল সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামে এক যাত্রীর কাছ থেকে ২.১৬ কেজি গলিত স্বর্ণ ও অলংকার উদ্ধার করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে বিমানবন্দরে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। অভিযুক্তের বাড়ি মিরসরাই উপজেলায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শহীদুলকে তল্লাশি করেন। এসময় তার পরনের পায়জামার বেল্টের অংশে এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২.১৬ কেজি গলিত স্বর্ণ ও অলংকারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

ইব্রাহিম খলিল জানান, উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত শহীদুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights