ব্যাটিং ব্যর্থতায় দলে জায়গা হারাচ্ছেন রোহিত!

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও এখন পর্যন্ত ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ তিনি। শেষ দুই টেস্টে তিন ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র ১৯। তাহলে কী টেস্টেও ফুরিয়ে আসছে রোহিতের ক্যারিয়ার? মূলত মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে। একের পর এক টেস্টে যেভাবে ব্যর্থ হচ্ছেন রোহিত তা বিপাকে ফেলছে ভারতীয় দলকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মেলবোর্ন টেস্ট চলাকালে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

অ্যাডিলেড এবং গাব্বায় ছয় নম্বরে খেলার পর মেলবোর্নে রোহিত ফিরেছিলেন ওপেনিংয়ে। সেখানেও ফিরে গেছেন পাঁচ বলে মাত্র তিন রান করে। প্যাট কামিন্সের বলে যেভাবে আউট হয়েছেন তা দেখে বিস্মিত অনেকেই। কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা। অস্ট্রেলিয়ায় পাঁচ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত।

আগরকর এখন মেলবোর্নেই রয়েছেন। সেখানেই রোহিতের সঙ্গে একান্তে আলোচনায় বসতে পারেন। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারে তাহলে সিডনিতেই শেষ টেস্ট খেলতে চলেছেন রোহিত। আগামী দিনে লাল বলের ক্রিকেটে তার নাম ভাবা হবে না।

ছয় নম্বরে রোহিত ব্যর্থ হচ্ছেন বলে ভারতের ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে মেলবোর্নে। শুভমান গিলকে কার্যত জোর করে বসানো হয়েছে। নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, যাকে দিয়ে সেভাবে বলই করানো হচ্ছে না। লোকেশ রাহুলের জায়গায় ওপেন করেছেন রোহিত। রাহুল তিনে ফিরে তেমন খেলতে পারেননি। এ দিন পাঁচ বলেই ফিরে গিয়েছেন। শুভমানকে বসিয়ে তাহলে কী লাভ হলো সেই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights