ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে হুমায়ূন কবির নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে নরসিংদীর পাঁচদোনা মেহেরপাড়া বাড়ি আগিণার খেলার মাঠ থেকে ডেকে এনে এ গুলি করার ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির (২৬) মেহেরপাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। সে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হুমায়ূন ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় দুইজন ব্যাক্তি তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। ওই দুই যুবক সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু ও মেহের পাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুজন ভুঁইয়া বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল নিহত হুমায়ূনের। তার নেতৃত্বেই পাচঁদোনা মেহেরপাড়া ও মাধবদী এলাকায় আন্দোলন হয়েছিল। এসব ঘটনা নিয়ে সে এলাকার অনেকের রোষানলে পড়ে। এসবের জের ধরে তার বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রান বাঁচাতে সে পালিয়ে থাকে। ৫ তারিখের পর এলাকায় আসে। এরই মধ্যে গতকাল তাকে বাড়ির আঙ্গিনা থেকে ডেকে এনে গুলি করে হত্যা করে। তিনি আরো বলেন, দুইটি মোটরসাইকেলে ৪ জন এসে তাকে হত্যা করেছে।

নিহতের বড় ভাই আল মামুন বলেন, আমাদের ১৭ শতাংশ একটি জমি দখল করে নেয় বাদল মিয়ারা। পরে মামলার রায় পাওয়ার পর আমার জামিটি দখলে নেই। এ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব তীব্র হয়। এরই জের ধরে তারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।

মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights