ব্যালন ডি’অরে মেসিকেই এগিয়ে রাখলেন ডি পল, পাত্তাই দিলেন না এমবাপ্পে-ইয়ামালকে
অনলাইন ডেস্ক
ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামালের নামই বেশি শোনা যাচ্ছে। তবে সেই আলোচনায় নিজের অধিনায়ক লিওনেল মেসিকেই এগিয়ে রাখছেন তাঁর ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ডি পলের মতে, সর্বশেষ বিশ্বকাপে মেসির পারফরম্যান্স তাঁকে অন্যদের তুলনার ঊর্ধ্বে নিয়ে গেছে।
বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছিলেন মেসি। ডি পলের মতে, ৩৯ বছর বয়সে এমন পারফরম্যান্সই মেসিকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার করে তুলেছে।
ব্যালন ডি’অর কার পাওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ডি পল বলেন, ‘আমার কাছে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। বিশ্বকাপে এমন কীর্তি আগে কেউ করতে পারেনি। আর লিও সেটা করেছে ৩৯ বছর বয়সে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন যুগের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে সে এবং বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছে। তাই এ নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই।’
এদিকে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স কাপ জিতে ক্যারিয়ারের ৪৯তম শিরোপা জিতেছেন মেসি। আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। মেসি এর আগে আটবার এই পুরস্কার জিতেছেন।
সূত্র: গোলডটকম
