ব্রাজিল শিবিরে নেইমার-জ্বর, ভিনির কণ্ঠে আস্থার সুর

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বের চোখ এখন উত্তর আমেরিকার দিকে, আর ব্রাজিল ভক্তদের সবটুকু মনোযোগ আটকে আছে একটা নামেই, নেইমার জুনিয়র। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, মাঠের জাদুকর কবে ফিরবেন?

রবিবার ভোর চারটায় মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। সেই মহারণের প্রাক্কালে সংবাদ সম্মেলনে উঠে এল নেইমারের প্রসঙ্গ।
ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসুয়াস জুনিয়র যেন নেইমারকে শুধু সতীর্থ হিসেবে নয়, দেখেন নিজের প্রেরণার উৎস হিসেবে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে আবেগাপ্লুত ভিনিসিয়ুস অকপটে স্বীকার করে নিলেন, নেইমার আমার আইডল। মাঠের প্রতিটি কৌশলে আমি তাকে অনুকরণ করার চেষ্টা করি। তার সুস্থ হয়ে ফেরাটা দলের জন্য অপরিহার্য। এমনকি আজও আমি তার কাছ থেকে নিয়মিত পরামর্শ পাই।

তবে ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পাওয়া কাফ মাসলের চোটে পড়ে নেইমারের মাঠের বাইরে থাকার সময়টা দীর্ঘ হচ্ছে। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে না হলেও, ব্রাজিল ক্যাম্পে যোগ দেওয়ার পর ধরা পড়ে গ্রেড-টু ইনজুরি। ফলে মরক্কোর বিপক্ষে তার না খেলা প্রায় নিশ্চিত। তবে কোচ কার্লো আনচেলত্তি সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন। আনচেলত্তির ভাষ্যমতে, নেইমার নিজেই খুব কঠোর পরিশ্রম করছেন দ্রুত মাঠে ফেরার জন্য এবং আগামী সপ্তাহেই তাকে দলীয় অনুশীলনে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।

এদিকে, মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে থাকা উৎকণ্ঠা উড়িয়ে দিয়ে ভিনি আত্মবিশ্বাসী। তিনি জানান, দলের প্রতিটি খেলোয়াড়ই ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছে এবং মাঠের পারফরম্যান্স দিয়েই সব শঙ্কা দূর করে দিতে চান তারা। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে অনেক সাফল্য পেলেও, জাতীয় দলের হয়ে খেলাটাকেই নিজের জীবনের সেরা সময় হিসেবে দেখছেন ভিনিসিয়াস। শৈশবের বন্ধু পাকেতা ও ব্রুনো গিমারাইসদের সাথে এই জার্সি গায়ে জড়ানোকেই তিনি মানেন সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights