ব্রাজিলই হবে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ‘ফ্লপ’

অনলাইন ডেস্ক

স্পেনকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জিতবে ফ্রান্স। আর টুর্নামেন্টের সবচেয়ে ব্যর্থ দল হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমনটা বলছে, রয়টার্সের করা অর্থনীতিবিদদের একটি সমীক্ষা।

বিশ্বজুড়ে ১৬০ জন অর্থনীতিবিদকে নিয়ে ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত এই জরিপটি চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ অর্থনীতিবিদ ফ্রান্সের পক্ষে ভোট দিয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনের পক্ষে ভোট পড়েছে ৩১ শতাংশ।

অর্থনীতিবিদদের এই হিসাব সত্যি হলে তিন নম্বর বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ফ্রান্স। এর আগে ২০১৮ ও ১৯৯৮ সালে ট্রফি জিতেছিল ফরাসিরা। সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল তারা।

ফ্রান্স ও স্পেনের পর শিরোপার দৌড়ে সেরা পাঁচে বাকি তিনটি দল হলো— বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।

অন্যদিকে, জরিপে অংশ নেওয়া এক তৃতীয়াংশ অর্থনীতিবিদ মনে করেন এবার ব্যর্থ হতে যাওয়া ফুটবল পরাশক্তিদের মধ্যে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। তাদের পরে আছে ইংল্যান্ড ও জার্মানি।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে যুক্তি তুলে ধরেছেন লন্ডন ভিত্তিক আরবিসি-এর সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি। তিনি বলেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে এবার ফ্রান্স আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ তারকা দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছেন। সবচেয়ে বড় কথা, তারা এবার একজন সতেজ কিলিয়ান এমবাপ্পেকে দলে পাচ্ছে।’

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights