ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব, বর্ষাবরণ ও ভর্তি মেলা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী “ফল উৎসব, বর্ষাবরণ ও ভর্তি মেলা–ফল ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আয়োজনে ২৭ ও ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আয়োজন চলে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদের ফিতা কাটা এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম তুলে ধরা, সুশীল সমাজের সঙ্গে পরিচিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, ফিন্যান্স ডিরেক্টর, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রোহানা আফরোজসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি মেলা ও ফল উৎসবের প্রথম দিনে সমাজবিজ্ঞান বিভাগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রোহানা আফরোজ বলেন, “প্রথমবারের মতো কেন্দ্রীয় পরিসরে এভাবে বর্ষাবরণ ও ফল উৎসব আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের সৃজনশীলতা তুলে ধরার একটি ভালো উদ্যোগ। সমাজবিজ্ঞান বিভাগ সবসময়ই এ ধরনের আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের বিভাগের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, পাশাপাশি অনেকে ইউরোপসহ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাই সরকারি-বেসরকারি চাকরি কিংবা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ— উভয় ক্ষেত্রেই সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় পথ তৈরি করতে পারে।”

দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বিভাগের অংশগ্রহণে ফল প্রদর্শনী, ভর্তি তথ্যসেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights