ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম সৌরভ (৩২) ও আছিম (১৮)। তারা বাসযাত্রী ছিলেন। সৌরভ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বকরের ছেলে ও আছিম রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গত শুক্রবার রাতে রংপুর থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
