ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি ও দালাল নির্মূলে মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, সদর হাসপাতালে দালাল নির্মূল এবং রোগী হয়রানি বন্ধে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
সভায় স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ সাবের হোসাইন। আলোচনায় অংশ নেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, ইয়াছিন আরাফাত সিরাজী, দেলোয়ার হোসাইন, আমিনুল ইসলাম, তাসলিমা ইসলাম, ঔরণী ইসলামসহ সংগঠনের সদস্যরা।
সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কোনো হাসপাতাল, দালালচক্র বা চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম, দুর্নীতি কিংবা রোগী হয়রানির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। হাসপাতালে প্রবেশের পর কিছু ব্যক্তি রোগীদের ঘিরে ধরে কোথায় পরীক্ষা করাতে হবে, কোন হাসপাতালে যেতে হবে বা কোথা থেকে ওষুধ কিনতে হবে- এসব বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানির শিকার হন।
এছাড়া কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়, সেবায় অস্বচ্ছতা, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং যথাযথ জবাবদিহিতার অভাবের অভিযোগ রয়েছে বলেও বক্তারা জানান।
স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, দালালমুক্ত পরিবেশ এবং রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
