ব্রিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বুধবার যথাযথ মর্যাদার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর একটি প্রভাত ফেরি ব্রির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক। ব্রির মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। এ সব কর্মসূচিতে বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিআরআরআই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উদ্বোধন করেন। এই সময়ে তিনি বলেন, একুশের চেতনায় দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে নতুন প্রজন্মকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক ও একুশের গান পরিবেশিত হয়। পরে বিআরআরআই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন ব্রির মহাপরিচালক।
এছাড়া ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights