ব্রিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক এবং আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন শোকসভা ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য-সচিব এবং ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান তাঁর বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি দেশের মাটি ও মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। দেশের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোকসভা ও দোয়া মাহফিলে ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights