ভাঙ্গায় আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা আরেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত। বৃহস্পতিবার সকালে তারেক মাসুদের গ্রামের বাড়ি ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় মৃত্যুবার্ষিকী পালিত হয়। তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর সমাধিতে পুষ্পস্তবক স্তবক অর্পণ করেন তারেক মাসুদ ফাউন্ডেশন। এ সময় আরেক মাসুদের বৃদ্ধা মা নুরুন্নাহার মাসুদ উপস্থিত ছিলেন।

তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ বলেন, ‘আমার মনে বড় কষ্ট। আমি চেয়েছিলাম তারেকের নামে গ্রামের বাড়িতে একটি জাদুঘর হবে। জাদুঘরটি আমি নিজ হাতে সাজাবো। এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া। সরকারের কাছে আর কিছুই চাই না। আমার তারেক খাইয়া না খাইয়া ছবি তৈরি করেছে।’

তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমাদ, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বকর, ভাঙ্গা নাগরিক কমিটির সদস্য সুভাষ মন্ডল, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ প্রমুখ।

তারেক মাসুদ ফাউন্ডেশন এর আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালী বলেন, তারেক মাসুদ যা চেয়েছিলেন, তা কোন কিছুই আমরা পাইনি। সুস্থ সাংস্কৃতিক চর্চার বিপরীতে আজ সংস্কৃতি জগৎ দখল করেছে গালিগালাজ সহ নানা অপসংস্কৃতি। চলচ্চিত্র নির্মাতারা যদি মনে করেন সুস্থ সাংস্কৃতিক চর্চার দিকনির্দেশক তারেক মাসুদের চিন্তা চেতনাকে আমরা অনুসরণ করবো, তবেই আমাদের সার্থকতা। তিনি ভাঙ্গা গোলচত্বরের নামকরণ তারেক মাসুদের নামে করার দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমাদ বলেন, অনেক আশা ছিল তারেক মাসুদের গ্রামের বাড়িতে একটি অডিটোরিয়াম হবে। চলচ্চিত্র পাঠশালা হবে। কিন্তু আজও পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। তারেক মাসুদের সঠিক মূল্যায়ন করতে পারিনি।

ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক মো. সরোয়ার হোসেন বলেন, সরকারের কাছে আমার দাবি তারেক মাসুদের স্মৃতি রক্ষার্থে তাঁর গ্রামের বাড়িতে যেনো চলচ্চিত্র জাদুঘর নির্মাণ করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ মৃত্যুবরণ করেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গার নুরপুর গ্রামে তারেক মাসুদ জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights