ভারতে ক্যানসার গবেষণার নামে গোবর গোমূত্রে কোটি রুপি লোপাট
অনলাইন ডেস্ক
ভারতে ক্যানসার গবেষণার নামে গোবর গোমূত্র ব্যবহার করে সরকারি অর্থ নয়ছয়ের বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি সরকারি গবেষণা প্রকল্পে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত পণ্যের সমন্বয়ে ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। রাজ্য সরকার এ প্রকল্পে সাড়ে তিন কোটি রুপি বরাদ্দ দেয়। তবে এক দশকের বেশি সময় পার হলেও গবেষণার কোনো দৃশ্যমান সাফল্য পাওয়া যায়নি। উল্টো প্রকল্পের অর্থ ব্যবহারে ভয়াবহ অনিয়মের প্রমাণ মিলেছে।
জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যয়ের নথি যাচাই করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, গোবর গোমূত্র ও সংশ্লিষ্ট কাঁচামাল কেনার নামে প্রায় এক কোটি ৯২ লাখ রুপি ব্যয় দেখানো হয়েছে। অথচ এসব উপকরণের প্রকৃত বাজারমূল্য সর্বোচ্চ ১৫ থেকে ২০ লাখ রুপির বেশি হওয়ার কথা নয়।
তদন্তে আরও দেখা গেছে, গবেষণার নামে দেশের বিভিন্ন শহরে বারবার বিমানে যাতায়াত করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের পেছনেও বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। বাজেটের বাইরে সাড়ে সাত লাখ রুপি দামে কেনা একটি গাড়ির বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৃষকদের প্রশিক্ষণের নামে অর্থ ব্যয় দেখানো হলেও তার যথাযথ নথিপত্র নেই। আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয়ের কারণে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেছে তদন্ত কমিটি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রতিটি কেনাকাটা সরকারি বিধি মেনেই করা হয়েছে এবং নিয়মিত অডিটের আওতায় ছিল। এদিকে তদন্ত প্রতিবেদনটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
সোর্স: এনডিটিভি
