ভারতের হিমাচল প্রদেশে ভূমি ধসে নিহত ১৮

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে একটি বেসরকারি বাস চাপা পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে চলছে উদ্ধার অভিযান।

মঙ্গলবার সন্ধ্যায় বাল্লু ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন এবং সেটি হরিয়ানার রোহতাক থেকে ঘুমারুইন যাচ্ছিল। বাসটি যখন ওই পথ দিয়ে যাচ্ছিল সে সময়, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের ঢাল থেকে প্রচুর পরিমাণে কাদা ও পাথর নেমে এসে বাসের উপর এসে পড়ে। আর তাতেই গাড়িটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে এবং বেশ কয়েকজন আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি ওই ভিডিওতে ক্ষতিগ্রস্ত ওই যাত্রীবাহী বাসের ভাঙা অংশও ধরা পড়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এছাড়া হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, জেলা প্রশাসনের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights