ভিনিসিয়ুসকে চূড়ান্ত সিদ্ধান্তের আলটিমেটাম রিয়ালের
অনলাইন ডেস্ক
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। তবে এবার আর অপেক্ষা করতে চায় না স্প্যানিশ ক্লাবটি।
স্পেনের সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকাকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে রিয়াল। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ভিনিসিয়ুসের। রাজি না হলে চলতি দলবদল উইন্ডোতেই তাকে বিক্রি করার বিষয়টি বিবেচনা করবে ক্লাব।
রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। চুক্তি নবায়ন না হলে আগামী বছরের ১ জানুয়ারি থেকেই অন্য কোনো দলের সঙ্গে প্রাক-চুক্তি (প্রি-কন্ট্রাক্ট) স্বাক্ষর করতে পারবেন এবং মৌসুম শেষে কোনো ট্রান্সফার ফি ছাড়াই স্প্যানিশ ক্লাবটি ছেড়ে চলে যেতে পারবেন।
এমন পরিস্থিতি এড়াতেই ২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই বিষয়টির নিষ্পত্তি চায় রিয়াল। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভিনিসিয়ুসকে দেওয়া প্রস্তাবই শেষ প্রস্তাব। বেতন বা চুক্তির অন্য কোনো শর্তে আর পরিবর্তন আনার পরিকল্পনা নেই তাদের।
আগামী কয়েক দিনের মধ্যেই দুই পক্ষের মধ্যে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। রিয়াল আশা করছে, কোচ জোসে মরিনিয়োর নতুন প্রকল্পে থাকার জন্য ভিনিসিয়ুস তাদের প্রস্তাব গ্রহণ করবেন। অন্যথায় দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই তাকে বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হবে।তবে ভিনিসিয়ুসের অগ্রাধিকার এখনো রিয়াল মাদ্রিদেই থাকা। স্প্যানিশ দৈনিক এএসের তথ্য অনুযায়ী, ভিনি নতুন চুক্তি করতে আগ্রহী। তবে নতুন প্রকল্পে নিজের ভূমিকা নিয়ে নিশ্চয়তা এবং দলে নিজের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এদিকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর্সেনাল ও লিভারপুলের মতো ক্লাবগুলো।
চুক্তি নবায়নের আলোচনা কয়েক মাস ধরেই চলছে। ভিনি ২০২২ সালে নতুন চুক্তিতে সই করলেও সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২০২৩ সালের অক্টোবরে। এরপর থেকে দলের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠলেও আক্রমণভাগে কিলিয়ান এমবাপেকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি।
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। তার বর্তমান চুক্তিতে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। ২০২১-২২ ও ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে ফাইনালে গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৪ সালে জয় করেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট।
