ভূমি অফিসের দালাল ওরা

নিজস্ব প্রতিবেদক
ভূমি অফিসে সেবাগ্রহীতারা নিয়মিতই যাতায়াত করেন। ভূমি অফিসের সব সেবাই ডিজিটাল করা হয়েছে। এক্ষেত্রে দালাল ধরার কোনো প্রয়োজন নেই। হয়রানি ছাড়াই ভূমি অফিসে সব সেবা দেওয়া হচ্ছে। কিন্তু এরপরও এক শ্রেণির দালাল চক্র ভূমি অফিসকে ঘিরে তৎপর রয়েছে। তারা গ্রাহকদের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকায় চুক্তি করেন। গ্রাহকরা নির্ধারিত টাকা না দিলেই হয়রানির শিকার হচ্ছে। পাশাপাশি সরকারি সেবা দানেও বাধা সৃষ্টি করছে এসব দালাল চক্রের সদস্যরা।

ভূমি অফিসে তৎপর এমনই দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. তাইপ, মো. মাসুদ ও মো. রফিক।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের অন্তর্গত ডুমনি ভূমি অফিস থেকে তাদের আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, এসব দালালদের কারণে সেবাগ্রহীতা যেমন হয়রানির শিকার হচ্ছে, তেমনি সরকারি সেবা প্রদানেও বাধা সৃষ্টি করছে।

এর আগে ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক ডুমনি ভূমি অফিসে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় ওই তিন দালালকে হাতে-নাতে আটক করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে প্রদানের জন্য এ রকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। সকল অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।

সেবা প্রত্যাশীদের অনুরোধ করে তিনি বলেন, ভূমি অফিসে কোন অনিয়ম হলে আমাকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights