ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব-প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে দেশ সেবা করতে চাই। আগে অনেকে নিজেদেরকে দেশের মালিক ভাবতেন। শুধু আমি আর আমার কথা বলতেন। আমি বলতে চাই -আমারা এবং আমাদের দেশ।

তিনি বলেন, এ মন্ত্রণালয় নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। আমরা জানি এই পথ অনেক কঠিন; আমরা চেষ্টা করছি মানুষের সেবক হতে। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক সময় ভুল হতে পারে। আপনারা সাংবাদিকরা আমাদের সচেতন করবেন।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমরা চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের আমাদের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করতে। আমারা জনগণকে যে সেবাগুলো প্রদান করছি অনেকে এটার ব্যাপারে সচেতন না; আমাদের চেষ্টা হচ্ছে এই ব্যাপারে তাদেরকে সচেতন করা। হয়রানি এবং দুর্নীতিরোধে আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো দিচ্ছি তা এখনো প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ঠিকমতো পৌছায় নাই। সিটি পর্যায়েও হয়তো অনেকে জানে না।সেটা জানানোর জন্যই সারা দেশব্যাপী আমাদের এ মেলার আয়োজন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমি ভবন ঢাকায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‌‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। ভূমিসেবা মেলা প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাওয়ে ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হবে।

১৯ মে সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার শুভ উদ্বোধন করবেন। জাতীয়ভাবে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর/সংস্থার পক্ষ থেকে ভূমিসেবা প্রদান ও অটোমেটেড ভূমিসেবা বিষয়ে ধারনা প্রদানের লক্ষ্যে পাঁচটি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা ও ঢাকা মহানগরের সার্কেল অফিসের ১৫টি এবং প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ২০ ভূমিসেবা স্টল থাকবে। মেলায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত স্টল ছাড়াও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র, বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টল থাকবে।

মেলায় ভূমিসেবা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সেমিনার, ভূমি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। সাধারণ জনগণের মধ্যে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights