ভেলায় লাশ ভাসিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল, যা বলছে প্রশাসন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় ভেলায় ভেসে যাওয়া এক ব্যক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল। সাতকানিয়া উপজেলার একটি এলাকার বলে দাবি করা ভিডিওটির ক্যাপশনে অনেকেই লিখেছেন, বন্যার পানিতে এলাকা ডুবে থাকায় ভেলায় ভাসিয়ে লাশ দাফন করার জন্য নেওয়া হয়েছে কবরস্থানে।

তবে স্থানীয় প্রশাসন বলছে, ভিডিওটি লাশের নয়। মাছ ধরার সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে ভেলায় করে হাসপাতালে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য। এটিকে মৃত ব্যক্তির ভিডিও বলে প্রচার চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেওচিয়া ইউনিয়নের জনারকেচওচিয়া এলাকার ফোরকান (৫০) নামের এক ব্যক্তি। পরে তিনি মারা যান। তার লাশ ভেলায় করে ভাসিয়ে নিয়ে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দরগামুড়া কবরস্থানে দাফন করা হয়।

কেওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন জানান, মাছ ধরতে গিয়ে ফোরকান অসুস্থ হয়ে পড়েন । পরে তার মুত্যু হয়। তাকে প্রায় দুই কিলোমিটার দূরে দরগামুড়া কবরস্থানে দাফন করা হয়েছে। তবে মৃত্যুর পর ফোরকানকে ভেলায় ভাসিয়ে নিয়ে দাফন করা হয়েছে কিনা , তা তিনি নিশ্চত করতে পারেননি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, লাশ ভেলায় করে ভাসিয়ে নেওয়ার তথ্যটি সঠিক নয়। এওচিয়া ইউনিয়নের এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ভেলায় করে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে মারা গেলে লাশ বাড়িতে এনে স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন করা হয়। ভেলায় ভাসানো ছবিটি লাশের নয়, অসুস্থ ব্যক্তির বলে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, ভেলায় লাশ ভাসিয়ে নেওয়ার আরও একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেটি ২০২৩ সালের হলেও সাতকানিয়া এলাকার সাম্প্রতিক ভিডিও বলে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights