ভোটকেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে: আনসার মহাপরিচালক

অনলাইন ডেস্ক

ভোটকেন্দ্রে কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি আনসার সদস্যদের কেউ অনিয়মে জড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেউ বাধা দিতে পারবে না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, এবার রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না। আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।

সমাবেশে খুলনার ৮৪০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, শুধু নির্বাচন নয়, সমাজের বিভিন্ন স্তরেও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights